পাগলা মসজিদে ৪৩ বস্তা টাকা উদ্ধার, গণনায় শতাধিক লোক
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সিন্দুক ও ট্রাঙ্ক থেকে ৪৩ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রুপার অলঙ্কার পাওয়া গেছে। গণনার কাজ চলছে।
কিশোরগঞ্জে অবস্থিত প্রায় দুই শ বছরের পুরোনো ঐতিহাসিক পাগলা মসজিদে শনিবার (২৭ জুন) সকাল ৭টায় দানবাক্স খোলা হয়। এ সময় ১৩টি লোহার সিন্দুক ও ৩টি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। এতে ৪৩ বস্তা দেশি-বিদেশি মুদ্রাসহ স্বর্ণ ও রুপার অলঙ্কার পাওয়া যায়। এখনো টাকা গণনার কাজ চলছে। এর আগে গত ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এবার আরও বেশি দান মিলবে বলে ধারণা ব্যবস্থাপনা কমিটির। জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ র্যাব, পুলিশ, আনসার ও প্রশাসনের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুপুর ১২টা পর্যন্ত ১০ কোটি টাকা গুনে রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি টাকা গণনা রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেসী। পুলিশ সুপার জানান, নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারের শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাপক বলেন, এই দানের টাকায় মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়। একটি সর্বাধুনিক পাগলা মসজিদ কমপ্লেক্স প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ তহবিল বাবদ ব্যাংকে ১১৪ কোটি টাকা জমা রয়েছে এবং অনলাইনে ৫ লাখেরও বেশি দান এসেছে।