সংসদে জামায়াত নেতার কটাক্ষ: ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হয়
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে 'হাল জামানার মুফতি' বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, এখন ফতোয়ার জন্য মাদ্রাসায় যেতে হবে না, পার্লামেন্টেই ফতোয়া দেওয়া হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় সংসদে বাগযুদ্ধে জড়িয়েছেন সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী শনিবার (২৭ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে 'হাল জামানার মুফতি' বলে কটাক্ষ করেছেন। চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, চট্টগ্রামে এখন কথা উঠেছে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, যারা জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে ফতোয়া দিচ্ছেন, তাদের জামায়াত সম্পর্কে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। এরপরই বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক জামায়াত নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে সংসদকে উত্তপ্ত না করার অনুরোধ জানান এবং ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকানোর আহ্বান জানান।