সব সংবাদ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে। এদিকে বাহরাইনেও ইরানের ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায় মার্কিন অবকাঠামো লক্ষ্য করে। এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (২৭ জুন) জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজ প্রণালিতে ট্যাংকারে আঘাত হেনেছে। ট্যাংকারের ক্যাপ্টেন হামলার বিষয়টি নিজেই জানিয়েছেন।

ক্যাপ্টেন জানান, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারের ওপর পড়েছে। তবে জাহাজের সব ক্রু সুস্থ আছেন এবং হামলার জেরে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার বিষয়টি তদন্ত করছে।

এদিকে বাহরাইন জানিয়েছে, শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি বাহরাইনের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান নতুন এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন।

মূল প্রতিবেদন (Reference): হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা — Dhaka Post