সব সংবাদ
অন্যান্য

রোববার মানবতাবিরোধী মামলার রায়, বিটিভিতে সরাসরি সম্প্রচার

জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল রোববার। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরেকজনকে হত্যার মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামী রোববার (২৮ জুন)। এই রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় ঘোষণা হবে আগামী ২৮ জুন। ট্রাইব্যুনাল-১ এই পাঁচজনের বিরুদ্ধে রায় দেবেন। এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় চঞ্চল চন্দ্র সরকার ছাড়া অন্য চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।