সব সংবাদ
অন্যান্য

রায়গঞ্জে ৩ হাজার ক্ষুদ্র কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষকের প্রত্যেকে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার পাবেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজনসহ বিএনপির নেতৃবৃন্দ। কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ৫ কেজি করে উন্নত জাতের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে পাবেন। প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই ভবিষ্যৎ গড়তে কৃষি উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর চাষাবাদ, ন্যায্যমূল্য এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে কৃষি হতে পারে একটি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক চালিকাশক্তি। তিনি আরও বলেন, কৃষি বিপ্লব ছাড়া কোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। অনাবাদি জমির জলাবদ্ধতা দূর করে চাষযোগ্য করে গড়ে তুলতে ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে বলেও তিনি জানান।