সব সংবাদ
অর্থনীতি

রাজশাহীতে জমি-ফ্ল্যাট লেনদেনে ১৫% কর প্রত্যাহারের দাবি রেডার

রাজশাহীর রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রেডা ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের দাবি, এই কর আদায়ের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আবাসন খাতে প্রায় অর্ধলক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে।

রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। তিনি বলেন, জমির মালিককে সাইনিং মানি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং পরবর্তীতে বিক্রির প্রতিটি ধাপে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে, যার ফলে জমির মালিকরা ডেভেলপারদের কাছে জমি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন শুল্ক ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতি টন রড উৎপাদনে খরচ প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে আবাসন উদ্যোক্তাদের নির্মাণ ব্যয় প্রতি বর্গফুটে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার ১৪ থেকে ১৬ শতাংশ, যা সাধারণ ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, আবাসন খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬৯টি লিংকেজ বা সহযোগী শিল্প জড়িত এবং সরকার প্রতি বছর প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব পায়। বর্তমানে সারা দেশে এ খাতে প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন। তাই এই শিল্প ও কর্মসংস্থান বাঁচাতে অবিলম্বে অতিরিক্ত কর ও ভ্যাটের হার কমিয়ে সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানান তারা।