সব সংবাদ
জাতীয়

লালমনিরহাটে আসামি গ্রেপ্তারে হামলা, ২ পুলিশ সদস্য আহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসআই রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন এবং এএসআই আব্দুল লতিফ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে ধরতে তার বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তার এড়াতে রাশেদুল ধারাল দা দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে এসআই রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলায় এএসআই লতিফও জখম হন। ঘটনার পরপর রাশেদুল এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে (রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল) অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আহতদের মধ্যে এসআই রুহুলের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।