সিলেটসহ সাত জেলায় আসছে স্বল্পমেয়াদী বন্যা, আগামী ৭২ ঘণ্টায় সতর্কতার পরামর্শ
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়াও তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী বিভিন্ন পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে এবং আগামী পাঁচ দিন এই প্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে আগামী পাঁচ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র সব জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।