নোয়াখালীতে ধূমপান বন্ধের প্রতিবাদে হেলমেট বাহিনীর গুলি, আহত অন্তত ছয়জন
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্থানীয়দের ধূমপানে নিষেধ করার প্রতিবাদে হেলমেট পরা একদল যুবক এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এ হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের রেদোয়ান (২০) ও রাশেদ (২২)সহ চার-পাঁচজন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে ধূমপান করছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে সেখানে ধূমপান করতে নিষেধ করলে তারা হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পরদিন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রেদোয়ান ও রাশেদের নেতৃত্বে ৫-৬টি মোটরসাইকেলে করে হেলমেট পরা ৮-১০ জন যুবক ফিরে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তারা সাধারণ মানুষের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন এবং পরে দেওটি ইউনিয়নের দিকে পালিয়ে যান।
এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ স্টাফ নার্স কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় আশিক (২২) ও নাঈম (১৯) নামের দুই যুবককে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আশিকের পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছররা গুলি লেগেছে। অপর যুবক নাঈম হাসানের হাঁটুর নিচে বুলেট বিদ্ধ হয়েছে। তাদেরকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলেও শনিবার সকাল পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে একটি বুলেটের খোসা উদ্ধার করেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।