গাজীপুরে অসুস্থ শ্রমিকের মৃত্যু: কারখানা সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না পেয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা বিক্ষোভে নেমেছেন। শনিবার কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড কারখানার সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান শ্রমিকেরা।
গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। নিহত লিজা বেগম (৩৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলাবানিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থেকে টেপিরবাড়ী এলাকার কালার অ্যান্ড কোম্পানি লিমিটেডে সেলাই অপারেটর হিসেবে কাজ করতেন। তার সহকর্মীদের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও তাকে ছুটি না দিয়ে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। রাত ৩টার দিকে তার অবস্থা খারাপ হলে প্রথমে আল-হেরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উচ্চ রক্তচাপজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে শনিবার সকালে কারখানার সামনে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এর আগে গত বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ, বিক্ষোভ ও চারটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে এবং মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।