সেনাপ্রধানের আহ্বান: নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন
বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করে সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একই দিনে র্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান সকল মানুষকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি অলিম্পিকের তিন মূল্যবোধ — শ্রেষ্ঠত্ব, বন্ধুত্ব ও সম্মান — সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ঢাকায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এ র্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের মানুষকে শরীরচর্চা এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করা। ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। র্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ অংশ নেন।