গাজীপুরের কারখানায় শ্রমিকের মৃত্যু: বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, অবরোধ সড়ক
গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীরা বিচার চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকায় কালার কো লিমিটেড কারখানায় লিজা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, অসুস্থ অবস্থায় তাকে ছুটি না দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়েছিল, যার ফলে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় শনিবার (২৭ জুন) সকালে কারখানার শ্রমিকরা বিচারের দাবিতে আন্দোলনে নামেন। তারা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে গেলে ক্ষিপ্ত শ্রমিকরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এসময় পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এর আগে বৃহস্পতিবার এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।