স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতার প্রতিশ্রুতি
জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে বলেছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তারা সরকারকে সব ধরনের সহযোগিতা করবেন।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শনিবার (২৭ জুন) বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরার পর জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব তোলার বিষয়টি তার দল সমর্থন করে। তিনি বলেন, তারা সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চান এবং বাস্তবায়ন করতে চান। বিরোধী দল হিসেবে তারা সরকারকে আশ্বস্ত করছেন যে, তারা সব সহযোগিতাই করবেন। মালয়েশিয়া ও চীন উভয় দেশই বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ এবং আমদানির চেয়ে রপ্তানি অনেক কম। দেশের রপ্তানির প্রধান দুটি খাত হলো তৈরি পোশাক (আরএমজি) এবং শ্রমিক রপ্তানি। এই খাতগুলোকে বৈচিত্র্যময় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ জন্য শর্ট, মধ্য ও দীর্ঘমেয়াদী প্ল্যান প্রয়োজন বলে মত দেন তিনি। সংসদীয় গণতন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে বিদেশের সাথে সম্পাদিত মৌলিক চুক্তিগুলো সংসদে উপস্থাপন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা সরকারের দায়িত্ব এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করতে হবে বলে উল্লেখ করেন তিনি। স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ আগে এবং চুক্তি হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। কাউকে ক্ষতিগ্রস্ত করা হবে না, তবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করেই পরবর্তী পলিসি পরিচালিত হবে।