বকশীগঞ্জে বন্য হাতির হামলায় প্রাণ গেল এক ব্যক্তির
জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ৬৫ বছরের জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে তার থেতলানো মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন (৬৫) স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করতে বের হন স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, ভারত সীমান্ত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে এই মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর তারা শুনেছেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।