সব সংবাদ
আন্তর্জাতিক

রোমে বাংলাদেশি পরিবারে নৃশংস হত্যাকাণ্ড: নিহত ৩, বড় ছেলে আহত

ইতালির রোমে এক বাংলাদেশি পরিবারের ওপর ছুরিকাঘাতের হামলায় ৫ বছরের শিশুকন্যা ও তার বাবা-মা নিহত হয়েছেন। হামলাকারী ১৮ বছরের বড় ছেলেকেও ছুরিকাঘাত করে আহত করলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ভবনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন পরিবারের কর্তা কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সি কন্যাসন্তান। কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে এবং তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গভীর রাতে অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্র হাতে ওই ফ্লাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় পরিবারের ১৮ বছর বয়সি বড় ছেলে হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সে ফ্লাট থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

পুলিশ, অ্যাম্বুলেন্স ও কারাবিনিয়েরি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় বড় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, সে বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার অবস্থা স্থিতিশীল।

ইতালীয় পুলিশের বিশেষ তদন্ত ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এটি মর্মান্তিক ও লোমহর্ষক অপরাধ এবং অপরাধীকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।