স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে জুরি বিচারের নির্দেশ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ২০ জুন ২০২৬ শনিবার প্রকাশিত আদালতের আদেশে বলা হয়েছে, মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বেগোনা গোমেজকে প্রতি মাসে দুইবার আদালতে হাজিরা দিতে হবে। পাশাপাশি তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য সীমান্ত চৌকি, বেসামরিক বিমানবন্দর ও সামরিক স্থাপনাগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
২০২৪ সালের এপ্রিলে একটি উগ্র ডানপন্থী ঘরানার দুর্নীতিবিরোধী সংগঠনের অভিযোগের ভিত্তিতে গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ, প্রভাব খাটানো এবং ব্যবসায়িক লেনদেনে অনিয়মের অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পদ সৃষ্টি এবং এর পরিচালনায় তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছেন।
তবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বেগোনা গোমেজ শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোমেজের পক্ষে প্রচারণা চালিয়ে দাবি করেছে, তিনি গত দুই বছর ধরে রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার।
এই মামলাসহ একাধিক দুর্নীতির অভিযোগে সানচেজের পরিবার ও তার সাবেক রাজনৈতিক মিত্রদের নাম সামনে আসায় স্পেনের রাজনৈতিক অঙ্গনে চাপ বেড়েছে। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানালেও সানচেজ তা প্রত্যাখ্যান করেছেন।