কাঁটাবনের বহুতল ভবনে আগুনে প্রাণ হারালেন দুই তরুণ
রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে আগুন লেগে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
রাজধানীর কাঁটাবনে এলিফ্যান্ট রোডের আল বারাকা টাওয়ারের ১০তলা ও ১১তলায় শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় দগ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মো. জনিকে (২৪) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ধোঁয়ায় গুরুতর আহত হয়ে তারা ভবন থেকে নিচে নেমে আসেন। পরে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহত আবদুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার গ্রামের সেলিম সরকারের ছেলে এবং মো. জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যু নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।