সব সংবাদ
খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, নকআউটের সময়সূচি চূড়ান্ত

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ইতিহাস গড়ে নকআউটে উঠেছে কেপ ভার্দে। আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে।

অবশেষে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা। চলতি আসরে প্রথমবার অংশ নিয়েই চমক দেখানো কেপ ভার্দে 'এইচ' গ্রুপের রানার্স-আপ হিসেবে নকআউটে উঠে ইতিহাস গড়েছে। ফলে তাদের বিপক্ষেই পরবর্তী রাউন্ডে লড়বে 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রাউন্ড অব বত্রিশের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই খেলা। উল্লেখ্য, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই স্টেডিয়াম। আর্জেন্টিনা ফুটবল দল তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রতিপক্ষ দলের ছবি দিয়ে পোস্ট করেছে।

'এইচ' গ্রুপের শেষ ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারায়। একই সময়ে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এই ড্রয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হিসেবে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে তারা। অন্যদিকে, উরুগুয়ে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। স্পেন ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে খেলবে।