হরমুজ প্রণালিতে উত্তেজনা: ইরানে মার্কিন হামলা, তেহরানের পাল্টা আঘাত
যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে এই হামলা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। ইরানও পাল্টা হামলার দাবি করেছে।
২৭ জুন ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে। আমেরিকান সামরিক বাহিনী সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র, উপকূলীয় রাডার ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা হামলার দাবি করেছে। তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার কথা জানিয়েছে। ইরান সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে যেকোনো হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
এই সংঘাত শুরু হয়েছে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক জাহাজ 'এভার লাভলি'-তে ড্রোন হামলার পরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনাকে সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে তেহরান এখন পর্যন্ত জাহাজে হামলার দায় স্বীকার করেনি।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিতে লেবাননসহ সব আঞ্চলিক ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ রাখার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেজের মুখে ফেলে দিয়েছে।
এদিকে পরিস্থিতির মধ্যে ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।