চীন-মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় একমত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের পর দুই দেশের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়নসহ সব গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, চীন ও মালয়েশিয়া বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমতি হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের পর। গত ২৬ জুন রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী আমিন এ কথা বলেন। সফরকালে মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাহদী আমিন আরও জানান, চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচিত বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।