অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ফল উৎসবে মিলনমেলা
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সংগঠনের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের উদ্যোগে শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীতে পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। উৎসবমুখর পরিবেশে দেশীয় মৌসুমি ফলের পাশাপাশি ছিল নানা আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।
উল্লেখযোগ্য বিষয় হলো, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া উভয়ই একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। ফলে সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে অতিথি ও সম্পাদকদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।
আয়োজকেরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, পরিবার-পরিজনকে সম্পৃক্ত করা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।
উৎসবে সদস্যদের পরিবারের শিশুদের জন্য ছিল বিশেষ উপহার। এ ছাড়া সদস্যদের সহধর্মিণীদেরও সম্মাননা উপহার দেওয়া হয়। সংগঠনের সদস্যদের জন্যও বিশেষ উপহার রাখা হয়, যা উপস্থিত সবার মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা এ ধরনের পারিবারিক আয়োজনকে অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।