ঢাকার আল-বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু
ঢাকার কাঁটাবন এলাকায় এলিফ্যান্ট রোডের ১৪ তলা আবাসিক ভবনে আগুন লেগে দুই জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকার কাঁটাবন এলাকায় এলিফ্যান্ট রোডের আল-বারাকা টাওয়ারে শুক্রবার গভীর রাতে আগুন লাগে। এই দুর্ঘটনায় ২৫ বছরের জনি মিয়া এবং ১৯ বছরের আব্দুল সালাম নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। ১৪ তলা এই আবাসিক ভবনের ১২ তলায় দুটি ফ্লাটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। এর ৭ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পলাশী ব্যারাক স্টেশনের দুটি ইউনিট এবং সিদ্দিক বাজার স্টেশনের চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকারীরা ভবন থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।