সব সংবাদ
খেলা

২০২৬ বিশ্বকাপে গ্রুপসেরা হওয়াই জার্মানির বিপদ! নাগলসমানের তোপ

২০২৬ বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আর সুবিধা নয়, বরং অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। জার্মান কোচ ইউলিয়ান নাগলসমানের অভিযোগ, গ্রুপসেরা দলগুলো শাস্তি পাচ্ছে।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে গ্রুপসেরা হওয়ার চেষ্টা সব দলেরই থাকে, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বে শীর্ষ দলগুলো এড়ানো যায়। কিন্তু এবারের নতুন ফরম্যাটে এই সুবিধাই যেন বিপদ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান।

বৃহস্পতিবার রাতে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারলেও ৬ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ১৯ জুন আইভরিকোস্টের বিপক্ষে জয়ী হয়ে তারা নকআউটে খেলা নিশ্চিত করেছিল। কিন্তু এখন পর্যন্ত রাউন্ড অব থার্টি টুতে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

নতুন ৪৮ দলের ফরম্যাটে প্রতিটি গ্রুপের তৃতীয় স্থানধারী ৮টি দলও নকআউটে খেলার সুযোগ পাচ্ছে। এ কারণে অনেক গ্রুপের চূড়ান্ত অবস্থান শেষ ম্যাচ পর্যন্ত অনিশ্চয় থাকছে। জার্মানির ক্ষেত্রেও একই পরিস্থিতি — গ্রুপসেরা নিশ্চিত হলেও শেষ ৩২-এর প্রতিপক্ষ ঠিক হবে সব গ্রুপের ম্যাচ শেষ হওয়ার পর।

'ই' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে জার্মানি ২৯ জুন রাত আড়াইটায় শেষ ৩২-এর ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ হবে 'এ', 'সি', 'ডি' বা 'এফ' গ্রুপের তৃতীয় স্থানধারী দল। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ শুরু হবে ২৮ জুন সকাল আটটায়। অর্থাৎ জার্মানিকে প্রতিপক্ষ জানতে ৪৮ ঘণ্টারও কম সময় অপেক্ষা করতে হতে পারে।

ইকুয়েডর ম্যাচের পর নাগলসমান বলেছেন, 'গ্রুপের শীর্ষে থাকা দলগুলো কিছুটা শাস্তি পাচ্ছে। আমরা সম্ভাব্য প্রতিপক্ষগুলো কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দিয়েছি। শনিবার রাত কাটানোর এর চেয়ে ভালো উপায় নিশ্চয়ই আছে। সামনে আমাদের নির্ঘুম রাত অপেক্ষা করছে।'

এই নতুন ফরম্যাটে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন মেক্সিকো, 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড এবং 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এখনো পর্যন্ত তাদের প্রতিপক্ষের নাম জানতে পারেনি।