ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৯২০, উদ্ধারকাজে সাহায্যে এসেছে বিশ্ব
ভেনেজুয়েলায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছে। ধীরগতির উদ্ধারকাজে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ভেনেজুয়েলায় বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প দেশটিতে ১৯০০ সালের পর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূতত্ত্ববিদদের মতে, উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে ফাটল সৃষ্টি হওয়ার কারণে এই ভূমিকম্পের উৎপত্তি।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই ও ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে। এর আগে ডেলসি রদ্রিগেজ প্রায় ৩ হাজার মানুষ আহত হওয়ার তথ্য দেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা স্টেট পরিদর্শনকালে তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।
বিবিসি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির উদ্ধারকাজের জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া বিশেষায়িত উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে। এছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদর থেকেও উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।