পেকুয়ায় পারিবারিক বিরোধে বৃদ্ধ খুন
কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের পেকুয়ায় শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু তাহের (৬৫) একই এলাকার মৃত আব্দু সত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের সঙ্গে নূর হোসেনের ছেলে মো. সিফাতের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে রাতে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় সিফাত তার হাতে থাকা ধারলো কিরিচ দিয়ে আবু তাহেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর মডেল হাসপাতালে পাঠিয়েছে এবং জড়িত আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে।