সব সংবাদ
স্বাস্থ্য

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের হুঁশিয়ারি: হাসপাতালে অনিয়ম-দুর্নীতিতে কোনো আপস নয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে তা যেকোনো মূল্যে ঠিক করতে হবে এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছেন, যার মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

তিনি বলেন, ভৌগোলিক কারণে এই অঞ্চলের মানুষের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে তা আমাদের যেকোনো মূল্যে ঠিক করতে হবে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে রোগী এসে যদি সঠিক সেবা না পায় এবং চিকিৎসার অভাবে তাকে ঢাকায় স্থানান্তর করতে হয়, তবে তা হাসপাতালের অদক্ষতা হিসেবে গণ্য হবে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা তাঁর প্রধান লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ব্যাপারে তিনি কারো সঙ্গে কোনো আপস করবেন না।

তিনি আরও বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট বা কোনো অনৈতিক কাজ করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।