ফ্যামিলি কার্ড এখন ঘরে পৌঁছে যাবে, আর লাইনে দাঁড়াতে হবে না
সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. মো. আবু জাফর জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড এখন সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। গর্ভবতী নারীরাও ঘরে বসেই সরকারি সহায়তা পাবেন। ২৬ জুন দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করা হয়।
সরকার এখন থেকে মা ও শিশু কল্যাণে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা দেবে। সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. মো. আবু জাফর জাহিদ হোসেন শুক্রবার (২৬ জুন) দিনাজপুর শহরের বাংলা স্কুল প্রাঙ্গণে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা জানান। তিনি বলেন, এখন থেকে ফ্যামিলি কার্ডের জন্য মানুষকে আর কোথাও যেতে হবে না। কার্ডই তাদের বাড়িতে পৌঁছে যাবে। গর্ভবতী নারীরা যে সরকারি সহায়তা পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন, সেই সেবাও ঘরে বসেই নিশ্চিত করা হবে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চান। অর্থের অভাবে কেউ যেন শিক্ষা বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। একজন সুস্থ মা মানেই একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম। তাই মা ও শিশু কল্যাণে সরকারের প্রতিটি উদ্যোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।