সব সংবাদ
আন্তর্জাতিক

ইবোলা সতর্কতায় সৌদি আরবের নতুন নিষেধাজ্ঞা: ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ

ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এই তিনটি দেশ হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান। একই সঙ্গে এই দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশ স্থগিত করা হয়েছে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) ইবোলা ভাইরাসের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম শুধুমাত্র সরাসরি এই তিন দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য নয়, বরং অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) এসে থাকলেও তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়াও, সৌদিতে প্রবেশের আগে ২১ দিনের মধ্যে যদি কেউ এই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকে, তাহলে তাদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে হবে। ওয়াকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাদুর্ভাবের কবলে পড়া দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্যও স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং) জোরদার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত হয়নি এবং দেশের সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।