ময়মনসিংহে মাদকবিরোধী আন্দোলনে সম্মিলিত সমাজের ডাক
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
২৬ জুন ২০২৬ তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল 'মাদক সমস্যাঃ চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান'। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে একটি বিশাল মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান সভাপতিত্ব করেন। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন। বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ কাজল মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর সৈকত দত্ত। বক্তারা একমত পোষণ করেন যে, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, 'মাদককে না বলা এবং মাদক গ্রহণ থেকে বিরত থাকার মধ্য দিয়েই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।' তিনি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।