সব সংবাদ
জাতীয়

সিলেটের উন্নয়নে বড় ঘোষণা বাণিজ্যমন্ত্রীর, ৪ হাজার কোটি টাকার প্রকল্পে জলাবদ্ধতা দূর করা হবে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে ৪ হাজার কোটি টাকার প্রকল্পে জলাবদ্ধতা দূর করার পাশাপাশি ৫ হাজার কোটি টাকায় গ্রামীণ সড়ক উন্নয়নের কথা জানিয়েছেন। ২৫০ শয্যার হাসপাতাল চালু হতে যাচ্ছে এবং সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে।

শুক্রবার বিকালে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় সিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। এ সময় সিলেটের উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী জানান, সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে তিনি জানান।

চিকিৎসাসেবা সম্পর্কে মন্ত্রী বলেন, অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল, যা পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

তিনি আরও জানান, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে। এছাড়াও সিলেট নগরবাসীর জন্য শহরে একটি ফুসফুস (পার্ক) গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

এই অনুষ্ঠানে সিলেটে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ জন শিল্পী ও দুটি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হয়। ২০২৪ সালের পদকপ্রাপ্তরা হলেন আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কন্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট। ২০২৫ সালের পদকপ্রাপ্তরা হলেন সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কন্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ।