ফিফার নতুন র্যাংকিংয়ে বড় লাফ ভিনিসিয়ুসের, শীর্ষে মেসি
ফিফা প্রথমবারের মতো বিশ্বকাপে চালু করা নতুন ব্যক্তিগত পারফরম্যান্স র্যাংকিংয়ে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র আক্রমণাত্মক খেলোয়াড়দের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি পাঁচ ধাপ এগিয়েছেন।
২০২৬ বিশ্বকাপে ফিফা প্রথমবারের মতো একটি নতুন ব্যক্তিগত পারফরম্যান্স রেটিং সিস্টেম চালু করেছে। এই র্যাংকিংয়ে তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্যায়ন করা হয় — আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ। প্রতিটি ম্যাচের অবজেক্টিভ ডাটা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এই তালিকা আপডেট করা হয়।
আক্রমণাত্মক খেলোয়াড়দের তালিকায় ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র বড় লাফ দিয়েছেন। প্রথম রাউন্ডের পর তিনি ছিলেন নম্বর ৯-এ, কিন্তু হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর পাঁচ ধাপ এগিয়ে এখন তিনি চার নম্বরে। তার ব্যক্তিগত রেটিং ৮.০১।
এই তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার রেটিং ৮.৪৫ এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫টি গোল করেছেন। দ্বিতীয় স্থানে জার্মানির দেনিজ উন্দাভ (৮.৪২) এবং তৃতীয় স্থানে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (৮.১৮) রয়েছেন। ব্রাজিলের আরেক তারকা ম্যাথিউস কুনিয়া আছেন ১২ নম্বরে।
রক্ষণাত্মক পারফরম্যান্সের র্যাংকিংয়ে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৭.০৯ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করেছেন। এই ক্যাটাগরিতে শীর্ষে আছেন বেলজিয়ামের ব্র্যান্ডন বেশিলে (৭.৫৮)। সৃজনশীলতার তালিকায় সর্বোচ্চ রেটিং (৮.২১) নিয়ে শীর্ষে আছেন ফ্রান্সের মাইকেল অলিসে।