গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ সরকারের
সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করতে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে একটি বিশেষ ভাতা চালু করার উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিকটিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকবে এবং এই বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের। তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন। সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।