বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার ব্যবসা করার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এলাকায় এলাকায় মামলার ব্যবসা করছেন। তিনি বলেন, একটি মামলায় জামিন নিলে সঙ্গে সঙ্গে আরেকটি মামলা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ব্যবসা করার অভিযোগ তুলেছেন। আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি গ্রেপ্তারের সংস্কৃতি শুরু করেছে। একটি মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করেছেন। এটা তিনি সংসদেও বলেছেন এবং সরকারকেও বলবেন বলে জানান। তিনি আরও বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের পরিণতি দুঃখজনক হবে। নতুন অর্থবছরের বাজেট সম্পর্কে তিনি বলেন, এটা কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট, সেটাও একটা বড় প্রশ্ন।