সব সংবাদ
জাতীয়

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: মাদক গ্রুপের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত শিশু, ঢাকায় পাঠানো হয়েছে

কুমিল্লায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ১২ বছরের স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে। পুলিশ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী অপু ও সাব্বির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের সময় স্কুল থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় ইথান আহমেদ প্রেম (১২)। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

গুলিবিদ্ধ ইথানের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাব্বির, অপুসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে গ্রেফতার করেছে। মামলায় ছয়জন এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রেমের শরীর থেকে এখনো গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গুলিটি বের করতে না পারায় সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ স্থানে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গুলিটি শিশুটির ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। তাই ঝুঁকি না নিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, ছেলে টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়েছে। সে মাঝে মাঝে চোখ খুলছে। ছোট্ট শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে।

পরিবারের দাবি, মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়ার কারণেই তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি সভা করেছেন।