সব সংবাদ
অর্থনীতি

আমের দাম সহনীয়, জাম-লিচুর দাম চড়া

রাজধানীর বাজারে এখনো মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। আম, কাঁঠাল ও লটকনের দাম ক্রেতাদের নাগালে থাকলেও মৌসুম শেষ হওয়ায় জাম ও লিচু বিক্রি হচ্ছে উচ্চ দামে। আগামী দিনগুলোতে সরবরাহ কমে দাম আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।

জুন মাসের শেষভাগে এসে রাজধানীর কারওয়ান বাজারে এখনো বিভিন্ন রকমের মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। বর্তমানে ফজলি, হাঁড়িভাঙা, আম্রপালি ও হিমসাগরসহ বিভিন্ন জাতের আম বাজারে আছে। আম্রপালি প্রতি কেজি ১০০ টাকা বা পাঁচ কেজির পাল্লা ৫০০ টাকায় এবং হাঁড়িভাঙা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লটকনের দামও মানভেদে প্রতি কেজি ১৪০ থেকে ১৭০ টাকার মধ্যে। অন্যদিকে মৌসুম শেষ হয়ে যাওয়ায় জাম ও লিচুর দাম বেশ চড়া। চায়না লিচু প্রতি ১০০টি ৯০০ থেকে ১ হাজার টাকা এবং জাম প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁঠাল প্রতি পিস ১০০ থেকে ৫০০ টাকা, বেল ১০০ থেকে ১৫০ টাকা এবং জাম্বুরা ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজার করতে আসা ক্রেতা সামাদ মিয়া জানান, বর্তমানে দেশি ফলের দাম স্বাভাবিক রয়েছে। ১০০ টাকায় ভালো মানের আম্রপালি এবং ৮০ টাকায় হাঁড়িভাঙা আম কিনতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে মৌসুম পার হলে দাম বাড়তে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান। লিচু বিক্রেতা মোহাম্মদ রহিম বলেন, লিচুর মৌসুম প্রায় শেষ। গত সপ্তাহে যে লিচু প্রতি ১০০টি ১ হাজার টাকায় বিক্রি হয়েছে, এখন তা ৭০০ টাকায় ছেড়ে দিচ্ছেন। কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম বলেন, জামের সিজন চলে যাওয়ায় দাম বাড়ছে। ফলের সিজন শেষ হয়ে যাওয়ায় দাম আরও বাড়তে পারে বলে তিনি জানান।