সব সংবাদ
আন্তর্জাতিক

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে বিমান সংঘর্ষ, আতঙ্কে নগরবাসী

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ারে একটি ছোট বিমান আঘাত হেনেছে। ৫২৮ মিটার উঁচু এই ভবনের উপরের তলায় বিমানটি ধাক্কা দেয়, এরপর ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়ে। জরুরি ভিত্তিতে ভবন থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। হতাহতের তথ্য এখনো জানা যায়নি।

বেইজিংয়ের সবচেয়ে উঁচু স্থাপনা সিটিক টাওয়ারে শুক্রবার (২৬ জুন) একটি বিমান আঘাত হেনেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনায় ভবনটিতে থাকা মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি ১০৯ তলা ভবনটির ওপরের দিকে আঘাত করে। এরপর বিমানের ধ্বংসাবশেষের বড় বড় অংশ নিচের রাস্তা ও সবুজ চত্বরে ছড়িয়ে পড়ে। এক নারী জানান, সন্ধ্যা ৬টার দিকে তাঁকে জরুরি ভিত্তিতে ভবন থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি পরিচয়পত্র বা ব্যাগ নেওয়ার সুযোগ পাননি।

পুলিশ ঘটনাস্থলের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে এবং এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি থেকে জানা যায়, বিমানটির নিবন্ধন নম্বর ছিল বি-১২পিপি। এটি চীনের স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানির তৈরি সানওয়ার্ড এসএ৬০এল অরোরা মডেলের দুই আসনের বিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, এটি একটি ব্যক্তিগত পাইলট প্রশিক্ষণ ও পর্যটন কোম্পানি পরিচালনা করছিল।

উল্লেখ্য, গত মাসে বেইজিং সব ধরনের বিনোদনমূলক উড্ডয়ন ও ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে। এখন যেকোনো উড্ডয়নের জন্য সরকারি অনুমতি বাধ্যতামূলক।

সিটিক টাওয়ার চীনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশনের সদর দপ্তর। ২০১৮ সালে নির্মিত এই ভবনটি বেইজিংয়ের সর্বোচ্চ স্থাপনা।