মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রতিনিধি দলের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। একইসাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।