সব সংবাদ
অন্যান্য

চুনারুঘাটে মুড়ারবন্দ দরবারে পবিত্র আশুরা উদযাপন

হবিগঞ্জের চুনারুঘাটে ১২০ আউলিয়া মুড়ারবন্দ দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নফল রোজা রেখে কোরআন তেলওয়াত, জিকির ও দোয়া মাহফিলে অংশ নেন।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ১২০ আউলিয়া মুড়ারবন্দ দরবার শরীফে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরা পালন করা হয়েছে। ১০ মহররম সকাল থেকে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন মোকামে শত শত আশেকান ভক্ত নফল রোজা রেখে কোরআন তেলওয়াত, জিকির আজকার ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলী। এদিকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান কাপড়ের লাল নিশান, কাগজ ও বাঁশ এবং তুলা দিয়ে তৈরি রঙিন ঘোড়া ও কাঠের তৈরি দালান নিয়ে বিশাল তাজিয়া মিছিল সহকারে মুড়ারবন্দ মাজার সামনে জড়ো হন। তারা ইসলামিক জারীগান ও বুক চাপড়িয়ে মরসিয়া মাতম করেন। বাদ জুম্মা নামাজের পর দুপুরে তাজিয়া মিছিলগুলো পুলিশের কঠোর নিরাপত্তায় দুটি পৃথক বন্দবেশে বের হয়। প্রথম মিছিলটি খাদেম সৈয়দ সামি শাহ চিশতীর নেতৃত্বে খালি পায়ে বের হয়। দ্বিতীয় মিছিলটি খাদেম এস এম সোহেল আহমেদ চিশতী ও নজরুল আহমেদ চিশতীর নেতৃত্বে বের হয়ে প্রায় ১ কিলোমিটার দূরে কাজিরখিলে হযরত কাজী শামসুদ্দিন শরীফে জড়ো হন। পরে তাজিয়া মিছিল নিয়ে খোয়াই নদীর বাঁধের উপর দিয়ে মুড়ারবন্দ দরবারে হযরত সৈয়দ শাহ কুতুবুল আউলিয়া মাজার শরীফে জড়ো হয়ে জিয়ারত ও দোয়া পাঠ করেন। অবশেষে সন্ধা পর্যন্ত ইসলামিক মরসিয়া জারীগান চলতে থাকে। পরে মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম সৈয়দ মুরাদ আহমেদ চিশতীর আশেকান ভক্ত আলমগীর চৌধুরী প্রায় ১০ হাজার জারীকৃতদের মাঝে বিরানি ও তোবারক বিতরণ করেন।