সব সংবাদ
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসহ নিহত ৬

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার সংবাদকর্মী আহমেদ উইশাহসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলাটি মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ঘটে।

গাজার উপত্তক অঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরাপারসন আহমেদ উইশাহ এবং একটি শিশু রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে। আল জাজিরা সংবাদমাধ্যমটি এ হামলাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংবাদমাধ্যমটি এক বিবৃতিতে বলেছে, আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় ১,০০৭ জন নিহত হয়েছেন। এছাড়া সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও দুই নারী রয়েছে।