সব সংবাদ
আন্তর্জাতিক

চায়না মিডিয়া গ্রুপের সাথে তথ্য মন্ত্রণালয় ও বিটিভির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার প্লাটফর্ম চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোট ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাথে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার প্লাটফর্ম চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পৃথক সমঝোতা স্মারকে সই করা হয়েছে। ২৬ জুন ২০২৬ তারিখে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে এ দুটিসহ মোট ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এই সমঝোতা স্মারকগুলোতে বাংলাদেশের পক্ষে সই করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের পক্ষে চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং।

সমঝোতার আওতায় চায়না মিডিয়া গ্রুপ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে সংবাদ বিষয়বস্তু তৈরি, গণমাধ্যম প্রযুক্তির আধুনিকায়ন ও উদ্ভাবন এবং পেশাদার সংবাদকর্মী ও সাংবাদিকদের পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্রগুলোতে সহযোগিতা গড়ে তুলবে। এছাড়া চায়না মিডিয়া গ্রুপ আলাদাভাবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাথেও সহযোগিতার সমঝোতায় পৌঁছেছে।

এই সমঝোতার ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা এবং সম্প্রচার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩টি সমঝোতার বাইরে বিডার সাথে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তিনটি এমওইউ হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে সই করেছে।