সব সংবাদ
জাতীয়

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর। সফরকালে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন এবং বেইজিংয়ের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক সই করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। রাত সোয়া ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

এই সফরটি ছিল তার প্রথম বিদেশ সফর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার নিরঙ্কুশ জয় পাওয়ার পর গত ২১ জুন তিনি মালয়েশিয়া যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর দুই দেশ সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারকে সই করে।

এরপর প্রধানমন্ত্রী চীনের তালিয়ানে যান, যেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করেন। বুধবার বিকালে তিনি বেইজিংয়ে পৌঁছান এবং তিন দিনের চীন সফর শুরু করেন।

বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এই বৈঠকে বিনিয়োগ, গণমাসহ ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। একই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে সই করে।

বেইজিং সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরার আগে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন 'তিয়াওইউথাই' থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা তাসিং বিমানবন্দরে পৌঁছান। সেখানে চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমান লাল গালিচায় হেঁটে বিমানে ওঠেন। এসময় চীনের সেনাবাহিনীর সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।

সবমিলিয়ে এই সফরে বেইজিংয়ের সঙ্গে ঢাকার ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।