সব সংবাদ
আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসন তুরস্ককে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রি করতে যাচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা কংগ্রেসকে জানিয়েছে। তবে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং কংগ্রেসের আপত্তি সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে বেশ কয়েক ডজন জেট ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যার মূল্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি। এই ইঞ্জিনগুলো তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান 'কান'-এ ব্যবহার করা হবে। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রতিরক্ষা শিল্পে বিদেশি নির্ভরতা কমানো।

এর আগে ২০১৯ সালে তুরস্ক রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের অবনতি ঘটে। ওয়াশিংটন তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেয়। কংগ্রেসও আইন পাশ করে, যাতে এস-৪০০ ব্যবস্থা বহাল থাকা পর্যন্ত তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি নিষিদ্ধ থাকে।

কংগ্রেসের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা এই বিক্রয় চুক্তির বিরোধিতা করেছেন। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস অভিযোগ করেন, প্রশাসন তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পর্যাপ্ত ব্যাখ্যা দেয়নি। প্রতিনিধি ক্রিস পাপাশ বলেন, মার্কিন আইন লঙ্ঘনের পরও এরদোয়ান সরকারকে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়।

কংগ্রেস চাইলে আগামী ১৫ দিনের মধ্যে যৌথ প্রস্তাব এনে এই বিক্রয় চুক্তি আটকে দিতে পারে। তবে সেটি কার্যকর করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হবে। এমনকি বিল পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। আগামী মাসে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের আগে এই পদক্ষেপকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রতি সদিচ্ছার বার্তা হিসেবে দেখা হচ্ছে।