চীন সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনের চীন সফর শেষে ঢাকায় ফিরছেন। এটি নতুন সরকার গঠনের পর তাঁর প্রথম বিদেশ সফর।
চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (২৬ জুন) চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় তাঁরা গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।
এর আগে, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। সেখান থেকে গত ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দেন।
দালিয়ানের কর্মসূচি শেষে গত ২৪ জুন দুপুরে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছান তিনি। বেইজিং সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বেইজিংয়ে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।
নতুন সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। আজ রাতে বাংলাদেশ সময় আনুমানিক ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।