বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবায় বরাদ্দ বড় চ্যালেঞ্জ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট হতে যাচ্ছে। বর্তমান এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবায় এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ কি পরিমাণে বরাদ্দ দেওয়া যেতে পারে এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছেন, যার মধ্যে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় শামা ওবায়েদ ইসলামকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বলেন, ভৌগলিক কারণে এই অঞ্চলের জন্য এই হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে সবকিছু ঠিক করতে হবে। সর্বোপরি তারা চান রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। রোগী হাসপাতাল এসে যদি সেবা না পায় এবং চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করা হয় তাহলে এটা হাসপাতালের অদক্ষতায় পড়ে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা ও স্বচ্ছতা নিশ্চিত করা তার প্রধান লক্ষ্য থাকবে। তিনি আরও বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ধরে কেউ যাতে হাসপাতালের অনৈতিক কাজ বা পরিবেশ নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে।