কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনে শারীরিক পরীক্ষা সম্পন্ন
কক্সবাজার জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর মাঠ পর্যায়ের তৃতীয় দিনে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।
বাংলাদেশ পুলিশে স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। প্রথম ও দ্বিতীয় দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এদিন ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি)-এ অংশ নেন। এদিন প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত এবং জালিয়াতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এর অংশ হিসেবে যোগ্য প্রার্থীদের ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে ছবি সংরক্ষণ করা হয়, যাতে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কেউ পরবর্তী লিখিত পরীক্ষায় অংশ নিতে না পারে। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। তিনি প্রার্থীদের দালাল ও প্রতারকদের প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানান।