মাদকবিরোধী সমাজ সম্পৃক্ততার ডাক বানিজ্য মন্ত্রীর
শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মাদক ও অপরাধ ঠেকাতে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। পাড়া-মহল্লার ক্লাবগুলোতে শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
২৬ জুন সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সংঘটিত করার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, পাড়া-মহল্লার প্রতিটি সক্রিয় ক্লাবে প্রবীণদের পাশাপাশি মধ্যবয়সী শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সচেতন নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। সমাজ ঐক্যবদ্ধ হলে মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংসহ কোনো ধরনের অপরাধী চক্র দাঁড়াতে পারবে না।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মাদক নির্মূল তাঁর নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া, অপরাধ দমনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা।
এদিন সকালে নগরীর বন্দরবাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তর, আনসার-ভিডিপি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।