সিলেটে ছাত্রদল সভাপতির ভাই সেজে ফেসবুকে ভিডিও, পুলিশে জিডি
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ-এর ভাই পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পুলিশে সাধারণ ডায়েরি করা হয়েছে। এক যুবক ফেসবুকে ভিডিও করে নিজেকে ছাত্রদল সভাপতির ভাই বলে পরিচয় দেন।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ-এর ভাই পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এডভোকেট মোঃ ইকবাল হুসাইন বাদী হয়ে এই জিডি দায়ের করেন (জিডি নং-১৬০১)। জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রদেশ দেব (২৮) নামের এক যুবকের ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি নিজেকে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ-এর ভাই বলে জনসম্মুখে পরিচয় দেন। জিডিতে উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ ওই যুবককে চেনেন না এবং তাঁর সাথে কোনো পারিবারিক সম্পর্ক নেই। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও বিভ্রান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা করে সাধারণ ডায়েরি করা হয়। এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শামছুল হাবিব জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব প্রদান করেছেন থানার এসআই প্রনব রায়-কে।