জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিতে পারে আর্জেন্টিনা
বিশ্বকাপে গ্রুপ 'জে'-তে শীর্ষস্থান নিশ্চিত করার পর আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। প্রথম দুই ম্যাচে মেসি একাই করেছেন পাঁচ গোল।
২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ 'জে'-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে দলের পাঁচ গোলের সবকটিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আর্লিংটনে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ২৮ জুন সকাল ৮টায়। একই সময়ে কানসাস সিটিতে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে গ্রুপের দ্বিতীয় স্থান নির্ধারিত হবে।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শেষ ৩২-এর আগে স্কোয়াডের অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ভাবনা তাঁর আছে। মেসি সম্প্রতি পেশির চোট থেকে ফিরে এসেছেন, তাই তাকে নিয়ে সতর্ক থাকা স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিয়ে নিকো পাজকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।
চোট থেকে ফেরা হুলিয়ান আলভারেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে বেশি সময় দেওয়া হতে পারে। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো চোটের কারণে না খেললে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি তাঁর জায়গায় শুরু করতে পারেন।
জর্ডান প্রথমবার বিশ্বকাপে খেলছে। তারা অস্ট্রিয়ার কাছে ৩-১ এবং আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেই বিদায় নিশ্চিত করেছে। তবু বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাইবে জামাল সেল্লামির দল।
আর্জেন্টিনার শেষ ৩২-এর ম্যাচ হবে ৩ জুলাই মায়ামিতে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে ৪ জুলাই ভোর ৪টায়, প্রতিপক্ষ হবে গ্রুপ 'এইচ'-এর দ্বিতীয় দল।