সব সংবাদ
খেলা

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফায় ব্রাজিলের প্রতিবাদ

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল ভিএআর হস্তক্ষেপে বাতিল হওয়ার পর ফিফায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তারা আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে মেসির গোলের আগের ঘটনার সাথে তুলনা করে রেফারিংয়ে অসামঞ্জস্যের অভিযোগ তুলেছে।

ব্রাজিল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সি-এর শীর্ষে থেকে শেষ ৩২-এ উঠেছে। তবে ম্যাচ শেষে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। কারণ, ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল ভিডিও সহকারী রেফারির হস্তক্ষেপের পর বাতিল হয়ে গেছে।

ঘটনাটি ম্যাচের প্রথমার্ধের ২১তম মিনিটে ঘটে। তখন ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিল। স্কটল্যান্ডের রক্ষণ থেকে বল কেড়ে নেন ভিনিসিয়ুস এবং বক্সে ঢুকে গোলও করেন। শুরুতে গোলটি বৈধ ধরা হয়েছিল। কিন্তু পরে ভিডিও সহকারী রেফারির পরামর্শে মেক্সিকান রেফারি সেসার রামোস মনিটরে গিয়ে রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন যে, বল কাড়ার সময় ভিনিসিয়ুস স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রির ওপর ফাউল করেছেন। ফলে গোল বাতিল হয়ে যায়।

ব্রাজিলের আপত্তি শুধু এই গোল বাতিল নিয়ে নয়, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নিয়েও। সিবিএফ আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে লিওনেল মেসির প্রথম গোলের আগের একটি ঘটনার উদাহরণ টেলেছে। তাদের দাবি, ওই ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ গড়ে ওঠার সময় সম্ভাব্য ফাউলের ঘটনা থাকলেও খেলা চলতে দেওয়া হয়েছিল এবং মেসি গোল করেছিলেন। অথচ ভিনিসিয়ুসের ক্ষেত্রে ভিডিও সহকারী রেফারি হস্তক্ষেপ করে গোল বাতিল করা হয়েছে।

সিবিএফের মূল দাবি, প্রযুক্তি ব্যবহারে ধারাবাহিকতা থাকতে হবে এবং একই ধরনের ঘটনায় একই ধরনের মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে এই প্রতিবাদে ব্রাজিলের ম্যাচের ফল বদলানোর সম্ভাবনা নেই। ভিনিসিয়ুস পরে আরেকটি গোল করেন এবং ম্যাচে জোড়া গোল নিয়ে মাঠ ছাড়েন। মাতেউস কুনিয়া করেন ব্রাজিলের অন্য গোলটি।

ব্রাজিল এখন শেষ ৩২-এ জাপানের মুখোমুখি হবে। শেষ ১৬-এর এই ম্যাচটি হবে সোমবার হিউস্টনে।