চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের খেলার মাঠে আসা বাধ্যতামূলক: প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ঘোষণা করেছেন, আগামী জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধূলাকে বাধ্যতামূলক করা হবে। পরীক্ষায় পাস করতে শিক্ষার্থীদের মাঠে এসে প্রশিক্ষণ নিতে হবে। সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, এখন থেকে চতুর্থ শ্রেণি থেকে শুরু করে প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষায় পাস করার জন্য মাঠে আসতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সমাজে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে সন্তানরা ঘরবন্দি হয়ে পড়েছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে এবং একটি সুস্থ জাতি গঠনে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। সরকার আগামী জাতীয় শিক্ষাক্রমে খেলাধূলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে। গেল ৮ জুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সরকার ২০২৮ সাল থেকে যে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নতুন চারটি বিষয় যুক্ত হবে। এরমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস। প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী সেপ্টেম্বরে ইউনিয়ন পর্যায় থেকে এ প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টের হাজার হাজার দল গঠন করা হবে। এছাড়া, আগামী জুলাইয়ের পর আরো ২০০ জন খেলোয়াড়কে পেশাদারিত্বের আওতায় আনা হবে। এর ফলে সব মিলিয়ে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড প্রদান কার্যক্রম চলমান থাকবে।